জিএসপি বহালে সহায়তা করবে জার্মানি :অর্থমন্ত্রী

বাংলাদেশে বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ গাড়ি সংযোজন কারখানা তৈরির প্রস্তাব দিয়েছে জার্মানি। সোমবার ঢাকায় অর্থমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, জার্মানি জিএসপি সুবিধা বহাল রাখতে সর্বোতভাবে সহায়তা করবে। জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজের নেতৃত্বে সোমবার এক ব্যবসায়ী প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে শেরেবাংলা নগরে তার দপ্তরে বৈঠক করেন। শেষে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, জার্মানি থাইল্যান্ডে যেভাবে প্রগতিশীল উত্পাদন ব্যবস্থার মাধ্যমে অ্যাসেম্বল করে, সেভাবে এখানেও করবে। বিষয়টি নিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং সে আলোচনার পরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এটি হলে আর আমাদেরকে ব্যয়বহুল গাড়ি আমদানি করতে হবে না।

তিনি আরো বলেন, তারা প্রতিশ্রুতি দিয়েছে আমাদের জিএসপি সুবিধা যেন বাতিল হয়ে না যায়। এ বিষয়ে তারা সর্বোতভাবে আমাদেরকে সহায়তা করবেন। জার্মানি আরো প্রস্তাব দিয়েছে যে, তারা বড়ো আকারে আমাদের পাট শিল্পকে ব্যবহার করতে চান। মার্সিডিজের ভেতরে পাটের অনেক ব্যবহার রয়েছে। জার্মানির যত গাড়ি আছে, প্রায় সব গাড়ির ভেতরে পাটের অনেক ব্যবহার হয়ে থাকে।