সড়কে ঝরল পাঁচ প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় গুরুতর আহত হয়েছেন আমতলী সরকারি কলেজের শিক্ষক ও তার মা। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠনো খবর-

ত্রিশাল (ময়মনসিংহ) :ত্রিশালে ট্রাক চাপায় দুই জন নিহত হয়েছে। গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণ পুর গ্রামের আলা উদ্দিন (৭০) এবং ফজলু (৫০)।

হবিগঞ্জ :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের রতনপুর এলাকায় গত রবিবার সিএনজি অটোরিকশা খাদে পড়ে ইমন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ঐ শিশুর বাবা উপজেলার আলাপুর গ্রামের সুফি মিয়া ও মা জাহেদা বেগমসহ চার জন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাটমোহর (পাবনা) :পাবনার চাটমোহর-ছাইকোলা সড়কের বাওনবাজার এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত কিশোর মোটরসাইকেল চালক শান্ত (১৭) গতকাল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। শান্ত চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

ফকিরহাট (বাগেরহাট) :খুলনা-বাগেরহাট মহাড়কের ফকিরহাটে পিতার ভ্যানে করে বেড়াতে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে মারিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুর মা আয়েজা বেগম ও পিতা করিম শেখ।

আমতলী (বরগুনা) :চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় আমতলী সরকারি কলেজের প্রভাষক মো. মনিরুল ইসলামের পা ভেঙে গেছে এবং তার বৃদ্ধা মায়ের কোমর এবং পায়ের পাতায় গুরুতর আঘাত পান। গতকাল মাকে ডাক্তার দেখাতে পটুয়াখালী যাওয়ার জন্য আমতলী বটতলা নামক স্থান থেকে আমতলী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক তার বৃদ্ধা মা সাফিয়া বেগমকে নিয়ে মিশুক পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে কন্ট্রাকটরের কাছে মায়ের জন্য একটা সিট চাইলে সিটের ব্যবস্থা না করে কিছু দূর গিয়ে চলন্ত বাস থেকে তাদের ধাক্কা মেরে ফেলে দেন।