পাইলটদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। বেতন বৃদ্ধির দাবিতে গতকাল থেকে দুই দিনের ধর্মঘটের ডাক দেন পাইলটরা। কর্তৃপক্ষ দাবি না মানলে আবার ২৭ সেপ্টেম্বর ধর্মঘট শুরু করবেন পাইলটরা। ১৭০০ ফ্লাইট বাতিল করায় প্রায় ৩ লাখ যাত্রী দুর্ভোগে পড়েছেন। খবর বিবিসির
বেতন বৃদ্ধির দাবিতে টানা ৪৮ ঘণ্টা ধর্মঘটে সামিল ব্রিটেনের সবচেয়ে বড় এয়ারলাইনস ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ) পাইলটরা। ফলে নিজেদের সব ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। সোমবার থেকে শুরু হওয়ার এই ধর্মঘটে যাত্রীদের এয়ারপোর্টে না যেতে অনুরোধ করেছে বিএ। এতে ভোগান্তিতে পড়েছে প্রায় তিন লাখ যাত্রী। ব্রিটেন থেকে প্রতিদিন ব্রিটিশ এয়ারওয়েজের প্রায় ৮০০ ফ্লাইট যাত্রা করে এবং প্রায় দেড় লাখ যাত্রী ওঠানামা করেন।
ব্রিটিশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বিএএলপিএ) এক বিবৃতিতে জানিয়েছে, বেতন বৃদ্ধির দাবিতে তারা দুই দিনব্যাপী ধর্মঘট ডেকেছেন। কর্তৃপক্ষ দাবি না মানলে আবার ২৭ সেপ্টেম্বর ধর্মঘটের পথে হাঁটবেন তারা। যদিও বিএ ও বিএএলপিএ আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে সমাধানে পৌঁছানোর আগে সোমবার ও মঙ্গলবারের জন্য ব্রিটেন থেকে টেকঅফ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএ। একইসঙ্গে বিএ কর্তৃপক্ষ গ্রাহকদের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত তিন বছরে বিএ তাদের পাইলটদের বেতন ১১ ভাগ পর্যন্ত বৃদ্ধি করেছে। কিছু ক্যাপ্টেন বর্তমানে বার্ষিক দুই লাখ পাউন্ডেরও বেশি বেতন পান। কিন্তু পাইলটদের মতে এই বৃদ্ধি বিএ এর লাভের তুলনায় কিছুই না। অথচ বিএ কর্মকর্তারা পাইলটদের তুলনায় কয়েকগুণ বেশি বেতন ও সুবিধা ভোগ করেন। বিএ প্রধান এক্সিকিউটিভ অ্যালেক্স ক্রুজ বর্তমানে বার্ষিক ১ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড বেতন পান। একজন পাইলট বলেন, এটা শুধু অর্থের ব্যাপার না, ব্যাপারটা আমাদের সম্মানের।