চাঁদের বুকে আছড়ে পড়লেও ভারতের চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম ভেঙে টুকরো টুকরো এমনকি দুই টুকরোও হয়নি। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে গতকাল সোমবার এ কথা জানিয়েছেন মহাকাশ সংস্থা ইসরোর এক সিনিয়র কর্মকর্তা। তিনি ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযানের সঙ্গে জড়িত। ইসরোর ওই কর্মকর্তা বলেন, অরবিটারে থাকা ক্যামেরা যে ছবি তুলে পাঠিয়েছে, তা দেখে বোঝা যাচ্ছে চাঁদের পিঠে নেমে পড়ার সময় কিছুটা দ্রুতই অবতরণ করেছিল বিক্রম। তবে তারপরও মনে হচ্ছে, ল্যান্ডার অক্ষতই রয়েছে। কিছুটা হেলে পড়ে আছে। তিনি আরো জানিয়েছেন, ল্যান্ডারের সঙ্গে ফের যোগাযোগ গড়ে তুলতে সবরকম চেষ্টা চলছে। গত ৭ সেপ্টেম্বর চন্দ্রপৃষ্ঠ থেকে ২ দশমিক ১ কিলোমিটার উপরে থাকার সময় হঠাত্ই চন্দ্রযান-২-এর অরবিটারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চন্দ্রযান-২-এর মধ্যে রয়েছে অরবিটার, ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। ল্যান্ডার এবং রোভারের আয়ু এক চান্দ্রদিবস বা পৃথিবীর ১৪টি দিন। শনিবার ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছিলেন, ১৪ দিন ধরে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হবে। -আনন্দবাজার পত্রিকা