ঢাকায় প্রথমবারের মতো সুইজারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে অভিবাসন সম্পর্কিত বিষয় নিয়ে আগামী ১১ সেপ্টেম্বর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অংশগ্রহণের জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে ১০ সেপ্টেম্বর ঢাকায় এসে পৌঁছাবে। সফরকারী সুইস প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সুইজারল্যান্ড সরকারের অভিবাসন বিষয়ক জাতীয় সচিবালয়ের আন্তর্জাতিক সহযোগিতা পরিচালক রাষ্ট্রদূত ভিনসেঞ্জোমাসিওলি। অভিবাসন নিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং শ্রম অভিবাসন সম্পর্কিত আঞ্চলিক ও বহুপাক্ষিক প্রক্রিয়া সমূহ নিয়ে মতবিনিময় করা হবে এই বৈঠকে। এছাড়া সুইস প্রতিনিধি দল ১২ সেপ্টেম্বর নরসিংদী জেলায় অভিবাসী শ্রমিকদের প্রত্যাবাসন এবং পুনর্বাসন বিষয়ক একটি প্রকল্প পরিদর্শন করবেন। সুইজারল্যান্ড ও ডেনমার্কের অর্থায়নে ব্র্যাক এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। সুইস প্রতিনিধি দল বাংলাদেশ সফরকালে নাগরিক সমাজের প্রতিনিধি, কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং উন্নয়নসংস্থার প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাত্ করবেন। —বিজ্ঞপ্তি