গাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর

গাজীপুর সদর উপজেলার মনিপুর নামাপাড়া এলাকায় একটি মন্দিরের কয়েকটি প্রতিমা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার মধ্যরাতে স্থানীয় নাট বারোয়ারী দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুধাংশু কুমার দেবনাথ জানান, রাত একটা পর্যন্ত মন্দিরে হরিসভা অনুষ্ঠিত হওয়ার পর সকলে চলে যান। গতকাল সকালে পুণ্যার্থীরা মন্দিরে গিয়ে বাঁশের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে সেখানে থাকা লক্ষ্মী, দুর্গা, কার্তিক, সরস্বতী, মহিষ ঠাকুরসহ ছোটো-বড়ো কয়েকটি প্রতিমা ভাঙচুর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। জয়দেবপুর থানার ওসি মো. জবেদ আলী জানান, তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।