খুলনায় বিআরটিসির বাসের চাপায় নিহত ১

খুলনায় বিআরটিসি বাসের চাপায় আবুল হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর দাদা ম্যাচ ফ্যাক্টরির অদূরে কোকাকোলা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন নগরীর চানমারী এলাকার আবুল মালেক মাঝির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে চানমারী গলির সামনে বিআরটিসির একটি বাস ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা আবুল হোসেন রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ কালীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

খুলনা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মিলন বলেন, সকালে কোকাকোলা কার্যালয়ের সামনে দিয়ে ইজিবাইকে করে যাচ্ছিলো আবুল হোসেন। এ সময় সিগারেটের ধোঁয়া বাইরে বের করার জন্য সে তার মুখ ইজিবাইকের বাইরে নিলে পাশ থেকে বিআরটিসির একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। তখন সে ছিটকে বাসের নিচে চলে যায়। ঘটনাস্থলেই আবুল হোসেন মারা যান। ঘটনাস্থল থেকে বিআরটিসি বাসটি আটক করা হয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি। ইজিবাইকের চালকও ইজিবাইক রেখে পালিয়েছে।

ইত্তেফাক/নূহু