ভারতের দিল্লীর গাজিয়াবাদ জেলায় ট্রাফিক পুলিশের সঙ্গে তীব্র কথা কাটাকাটির এক পর্যায়ে হার্ট-অ্যাটাকের শিকার হয়ে মৃত্যু হয়েছে ৩৫ বছরের এক যুবকের। মঙ্গলবার দুপুর সোয়া ১২ টায় এ খবর নিশ্চিত করে এনডিটিভি।
ট্রাফিক আইন ভঙ্গ করেছেন এই অভিযোগে ট্রাফিক পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ওই যুবকের বাবা দাবি করেন, পুলিশের হেনস্থার কারণেই হার্ট-অ্যাটাকে মৃত্যু হয় তার ছেলের। ঘটনার কথা স্বীকার করে পুলিশ জানিয়েছে, জড়িত ট্রাফিক পুলিশ সদস্য গাজিয়াবাদ জেলাতেই থাকেন।
মৃত ওই ব্যক্তি একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেন বলে জানা গেছে। পুলিশ অফিসারদের মতে, মৃত ব্যক্তি আগে থেকেই ডায়াবেটিক রোগী ছিলেন। তিনি বৃদ্ধ বাবা-মাকে সঙ্গে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। তখন এক ট্রাফিক পুলিশ সদস্য গাজিয়াবাদে সি আই এস এফ কাটের কাছে তার গাড়ি আটকান। এরপর নতুন আইন ভঙ্গের অভিযোগ আনলে ওই সদস্যের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ওই যুবক। বাকবিতণ্ডার এক পর্যায়র যুবক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: হোমনায় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
মৃত ব্যক্তির বাবা বলেন, 'পুলিশ ভালো আচরণ করলে হয়তো বা আমার ছেলের আজ এ অবস্থা হতো না। তার একটি ৫ বছরের মেয়ে আছে। আমি এমনিতেই ৬৫ বছরের একজন মানুষ। এখন এই ছোট্ট মেয়েকে কে দেখবে?'
ইত্তেফাক/নূহু