গোপালগঞ্জে সাবেক ইউপি সদস্যের হাত-পায়ের রগ কেটে হত্যা

গোপালগঞ্জে জাকারিয়া ভূঁইয়া (৪০) নামে সাবেক এক ইউপি সদস্যকে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।জাকারিয়া কাজুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।

 

জাকারিয়ার বড় ভাই গোলাম রব্বানী সাংবাদিকদের জানিয়েছেন, মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে  জাকারিয়ার সঙ্গে পার্শবর্তী গোপীনাথপুর গ্রামের আদিল খাঁর বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে বাজুনিয়া গ্রামে জাকারিয়াকে রাস্তায় একা পেয়ে আদিল খাঁর লোকজন এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

আরো পড়ুন : বিশ্বের শীর্ষ নারী শাসকদের তালিকায় শেখ হাসিনা

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোঃ ইদ্রিস আলী জানিয়েছেন, ঘটনার খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

ইত্তেফাক/ইউবি