ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় আব্দুর রাজ্জাক হাওলাদার (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজ্জাক ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তিনি ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকার সরদার পাড়ার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রাফিন-সাফিন পরিবহনের বাসটি মিলবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত টেম্পু ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক রাজ্জাকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
আরো পড়ুন : কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু
রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি