সোনারগাঁয়ে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী গিট্টু হৃদয় নিহত

সোনারগাঁও উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সোনারগাঁয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী মো. হৃদয় ওরফে গিট্টু হৃদয় (৩০) নিহত  হয়েছে। বুধবার রাত ৩টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেংড়াকান্দি এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। 

ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার, একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, দেশিয় ১টি চাপাতি, ৪টি রামদা ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই সময় গাড়ি চালক ও গিট্টু হৃদয়ের দুই সহযোগী জহিরুল ইসলাম ডলার ও সেলিমকে আটক করেছে র‌্যাব।

সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তর থেকে  উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

র‌্যাব জানায়, রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের চেংড়াকান্দি এলাকায় র‌্যাব-১১ এর চেকপোস্টে একটি গাড়িকে থামার নির্দেশ দেওয়া হয়। গাড়িটি না থামিয়ে গাড়ি থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এ ঘটনায় সোনারগাঁয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী গিট্টু হৃদয় গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গুলি বিনিময়ের ঘটনায় র‌্যাবের ওবায়দুল নামে এক সদস্যও আহত হয়। 

হৃদয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় খুন, ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ ১৭টি মামলা রয়েছে। নিহত গিট্টু হৃদয় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে। 

আরও পড়ুন: সাপাহারে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, সোনারগাঁ থানা সূত্রে, মাদক বিক্রেতা গিট্টু হৃদয় সোনারগাঁ থানার মাদক বিক্রেতার তালিকায় ১নং আসামি। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

ইত্তেফাক/নূহু