প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নওগাঁয় প্রকাশ্য দিবালোকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টার দিকে শহরের পার-নওগাঁ ধোপাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে সিলভার ব্যবসায়ী ইসরাইল তার স্ত্রী মোছা. ফাহিমা বেগমকে (৪৫) নিয়ে বসবাস করে আসছিলেন। তাদের কোন সন্তান ছিলনা। কাজেই ইসরাইল ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেলে স্ত্রী একাই বাড়িতে থাকতেন। তাছাড়া দিনের কোন নির্দিষ্ট সময়ে কাজের মেয়ে তাদের বাড়িতে এসে সহযোগিতা করতেন। ইসরাইল বুধবার সকাল ৯টার দিকে শহরের পুরাতন সোনালী ব্যাংক এলাকায় অবস্থিত নিজের দোকানে চলে যান। অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে কাজের মেয়ে ওই বাসায় এসে ফাহিমা বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে আশ-পাশের প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে সকাল ১১টা থেকে ১২টার মধ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন- নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

সংবাদ পেয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় এবং সদর থানার অফিসার্স ইনচার্জ সোহরাওয়ার্দি হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে পুলিশ সুপার লিমন রায় বলেন, এখনও তদন্ত চলছে। প্রাথমিকভাবে ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

ইত্তেফাক/এসএস