নেতৃত্বে অনীহা সাকিবের বক্তব্যের অপেক্ষায় বিসিবি

অধিনায়কত্ব যদি না করতে হয় তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হবে আমার জন্য। আমার কাছে মনে হয় ক্রিকেটের জন্য ভালো হবে ব্যক্তিগত দিক থেকে চিন্তা করলে। আর নেতৃত্ব যদি দিতেই হয় তাহলে অবশ্যই অনেক কিছু নিয়ে আলোচনা করার ব্যাপার আছে—বক্তার নাম সাকিব আল হাসান।

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করার বিষয়ে এমনটা বলেছিলেন সাকিব। কিছু দিন আগে এক সাক্ষাত্কারেও নেতৃত্বে নিজের অনীহার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

গণমাধ্যমে প্রকাশিত এসব তথ্য দৃষ্টিগোচর হয়েছে বিসিবিরও। তবে এখনই এ বিষয়ে সরব হতে চায় না বিসিবি। কিছুটা রয়ে-সয়ে এগুতে চান বিসিবি কর্তারা। অবশ্য সাকিব আনুষ্ঠানিকভাবে নেতৃত্বে অনীহার বিষয়টি জানালে, তার সঙ্গে কথা বলবে বিসিবি।

গতকাল মিরপুর স্টেডিয়ামে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বর্তমানে দুই ফরম্যাট তথা টেস্ট ও টি-২০ তে বাংলাদেশের অধিনায়কত্ব করছেন সাকিব।

সাদা পোশাকের ক্রিকেটে এই বাঁহাতি অলরাউন্ডারের আগ্রহ নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এটি ঠিক যে আমরা দেখছি টেস্টের ব্যাপারে বেশ কিছু দিন থেকে ওর আগ্রহ তেমন নেই। বিশেষ করে আমাদের বাইরে যখন দলগুলো যাচ্ছিল তখন টেস্টের সময় সে একটু বিরতি চায়। স্বাভাবিকভাবে ওর হয়তো আগ্রহটা কম। তবে অধিনায়কত্ব নিয়ে কখনো শুনিনি, আমরা কখনো শুনিনি যে অধিনায়কত্ব নিয়ে ওর আগ্রহ কম আছে।’

এখনো সাকিবকে সেরা অধিনায়ক মনে করেন বোর্ড সভাপতি। বর্তমান খেলোয়াড়দের মধ্যে এই অলরাউন্ডারই সেরা। পাপন বলেছেন, ‘ও (সাকিব) অনেক সার্ভিস দিয়েছে, আমরা মনে করি সে হলো সেরা অধিনায়ক। আমাদের হাতে যে অপশন আছে তাদের মধ্যে থেকে সে সেরা। এখন পর্যন্ত সে আমাদের কিছু বলেনি, মিডিয়াতে বলেছে যে যদি থাকি কিংবা বোর্ডের সঙ্গে কথা বলতে হবে—এই ধরনের একটি কথা।’

তবে বিসিবি কর্তাদের সঙ্গে নেতৃত্ব থেকে অব্যাহতির বিষয়ে কথা বলেননি সাকিব। বিসিবি সভাপতি বলেন, ‘আমি গতকাল (১০ সেপ্টেম্বর) ওর সঙ্গে বসেছিলাম, কিন্তু সেখানে এমন কোনো আলাপ আলোচনা হয়নি। যেহেতু এখন একটি সিরিজ চলছে, আমার মনে হয় এখনই এটি নিয়ে কথা বলা উচিত। ও যদি প্রসঙ্গ উঠাত তাহলে অবশ্যই আলোচনা করতাম।’

অধিনায়কত্ব নিয়ে আনুষ্ঠানিকভাবে সাকিবের বক্তব্যের অপেক্ষায় বিসিবি। গতকাল পাপন বলেছেন, ‘ও (সাকিব) আমাদের সঙ্গে যখন বলবে, তখন আনুষ্ঠানিকভাবে বলব। হয় কি, মন টন খারাপ থাকে তো। ও তো আগে কয়টা টেস্টে যায়ও নাই। এসে হঠাত্ করে আফগানিস্তানের সঙ্গে হারল, আর আমাদের ছেলেরা তো একটু আবেগি। ঠান্ডা মাথায় যা বলার বলব, যদি সে বলে।’