জার্মানির রোসটেক বন্দর থেকে মোংলা বন্দরে আমদানি করা অত্যাধুনিক মোবাইল ক্রেনটি বুধবার বেলা ১১টায় বন্দরের ৯ নম্বর জেটিতে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করেছে। আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স সাইফ পাওয়ার টেক লিঃ-এর আনা ১৪ সারি কন্টেইনার বোঝাই গিয়ারসেলস জাহাজ হ্যান্ডলিং এবং সর্বোচ্চ ৮৪ টন উত্তোলন ধারন ক্ষমতা সম্পন্ন এ ক্রেনটি সকাল সাড়ে ১০ টায় বন্দরে আগত সিঙ্গাপুর পতাকাবাহী ‘এম ভি কোটা রিয়া’ জাহাজ থেকে কন্টেইনার খালাস করে এর কার্যক্রম শুরু করে। এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আফসানা ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বন্দরের যান্ত্রিক ও তড়িত্ বিভাগের উপ প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক মাহাবুবুর রহমান মিনা বলেন, ‘৪০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ৬৪টি চাকাযুক্ত ৪৪ কোটি টাকার এই ক্রেনটি বন্দর জেটির লোড সহনশীলতার সীমার মধ্যে ৫ থেকে ৯ নম্বর জেটি বরাবর চলাচল করতে পারবে। এটি দিয়ে ৩৬ টি কন্টেইনারবাহী জাহাজ ও বার্জ হ্যান্ডল করা যাবে।’