লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় গৃহকর্তা নিহত

লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় আতিকউল্লাহ (৮৫) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন। পৌর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুরে মঙ্গলবার গভীর রাতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ডাকাতিকালে এ ঘটনা ঘটে। এ সময় তাদের চার ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত আতিকউল্লাহ মৃত মুসলিম মিয়ার ছেলে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়াসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, ডাকাতিকালে আতিকউল্লাহ নামের একজন নিহত হয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।