বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছেন চিকিত্সকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম। আন্দোলনের অংশ হিসেবে গতকাল বুধবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোনো চিকিত্সক বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেননি। এছাড়া কলেজের বায়োমেট্রিক মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
চমেক হাসপাতাল সূত্র জানায়, বিএমএ চট্টগ্রাম বায়োমেট্রিক পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করছে। তারা কলেজের মেশিনগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ফলে বুধবার বায়োমেট্রিক হাজিরা বন্ধ ছিলো। বিএমএ নেতৃবৃন্দরা জানান, বায়োমেট্রিক পদ্ধতি বাতিলে প্রতীকী আন্দোলন হিসেবে চিকিত্সকরা বায়োমেট্রিক হাজিরা দেননি। তবে কেউ বায়োমেট্রিক মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করেননি।
এর আগে মঙ্গলবার রাতে বিএমএ চট্টগ্রাম শাখা তাদের নিজস্ব কার্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা করে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সিনিয়র কনসালটেন্ট ও জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতির জন্য চিকিত্সকদের বায়োমেট্রিক প্রতিবেদন চাওয়া হয়। ওই প্রজ্ঞাপনে প্রার্থীদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নম্বর ও বিগত ৬ মাসের প্রতিবেদন ১৫ কার্যদিবসের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগে প্রেরণের জন্যও বলা হয়।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নগরীর এনায়েত বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। গতকাল বুধবার এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, হোসাইন স্যানিটারি বিল্ডিং নামে ওই ভবনের মালিক মহিউদ্দিন দিলু ১০ বছর ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিলেন।