কিশোর গ্যাং ও গ্যাং লিডার রোধে পুলিশের বিশেষ অভিযানে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ৯২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত জেলা জুড়ে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় পুলিশ স্কুল ও কলেজ পড়ুয়া ৯২ জনকে আটক করে। এর মধ্যে পিরোজপুরর সদর উপজেলা হতে ৩০ জন, নাজিরপুর উপজেলা থেকে ২২ জন, ভাণ্ডারিয়া উপজেলা হতে ১৭ জন, মঠবাড়ীয়া উপজেলা থেকে ৮ জন, ইন্দুরকানী উপজেলা হতে একজন, কাউখালী উপজেলা হতে চার জন এবং নেছারাবাদ উপজেলা হতে ১০ জনসহ মোট ৯২ জনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শহরের বিভিন্ন স্থানে রাতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে ঘরের বাইরে আড্ডা দেয় সেখান থেকে যেন কোনো অপরাধ সংঘটিত না হয় এজন্যই এ অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে পিরোজপুর জেলার সকল থানায় কিশোর গ্যাং লিডার সৃষ্টি হতে না পারে সেই লক্ষ্যে এ অভিযান পরিচালিত হবে। পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, গ্যাং কালচার একটি অপরাধের নতুন মাত্রা। কিশোর অপরাধীরা বিভিন্ন ক্ষেত্রে বড়ো বড়ো অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে।