দুর্গাপুরে সাইদুল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন

নেত্রকোনা জেলার দুর্গাপুর থানাপুলিশ চাঞ্চল্যকর অটোচালক সাইদুল ইসলাম (২৭) হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন জনকে গ্রেফতার করেছে।

নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী গতকাল বুধবার পুলিশ অফিসে বিকালে এক প্রেসব্রিফিংয়ে জানান, সোমবার প্রথমে সেকুলকে দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উঁচাখিলা বাজার থেকে আসামি সবুজ মিয়াকে গ্রেফতার এবং তার হেফাজতে থাকা চোরাই অটোটি উদ্ধার করা হয়। ধৃত আসামিদের দেয়া তথ্য মতে ঐদিন গভীর রাতে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গণই মমিনাকান্দা হতে হত্যাকাণ্ডের মূল আসামি  মানিক মিয়াকে গ্রেফতার করা হয়।

গত মঙ্গলবার বিকালে আসামিদের নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আসামিরা ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।