জেলা সদরে অবস্থিত মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজটির তিনটি বিভাগ চলছে শিক্ষক ছাড়াই। কলেজটিতে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী লেখাপড়া করছে। দীর্ঘদিন ধরে বিভাগ তিনটিতে কোনো শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া দারুণভাবে ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজের মঞ্জুরিকৃত ২৪টি পদে শিক্ষক রয়েছেন ১৭ জন। বর্তমানে শূন্য রয়েছে সাত প্রভাষকের (শিক্ষক) পদ। বছরাধিকাল যাবত্ শূন্য রসায়ন বিভাগের একমাত্র প্রভাষকের পদটি। এছাড়া সমাজ বিজ্ঞান ও ইতিহাস বিভাগের বরাদ্দকৃত একটি করে দুইটি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে। সংস্কৃতি বিভাগে চারটি পদের দুইটি পদ শূন্য রয়েছে।
অধ্যক্ষ অধ্যাপক আর জে এম সেলিম রেজা তালুকদার সরকারি সুফিয়া মহিলা কলেজটিতে বর্তমানে তিনটি বিভাগে শিক্ষক শূন্যসহ মোট সাতটি প্রভাষকের পদ শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন।
এদিকে, শিক্ষার্থীদের অভিভাবক মহল জরুরি ভিত্তিতে শূন্য পদে শিক্ষক নিয়োগের আবেদন জানিয়েছেন।