ভারত এবং নেপাল এই প্রথম যৌথভাবে আন্তঃসীমান্ত তেল সরবরাহ পাইপলাইন চালু করেছে। মঙ্গলবার পাইপলাইনটি উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ভারতের রাজধানী নয়াদিল্লি এবং নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে দুই প্রধানমন্ত্রী নিজ নিজ কার্যালয়ে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ এশিয়ার এ প্রথম আন্তঃদেশীয় তেল পাইপলাইন উদ্বোধন করেন। ৬৯ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন দিয়ে বিহারের মোতিহারি শহরের তেল শোধনাগার থেকে জ্বালানি তেল যাবে নেপালের আমালেখগঞ্জে। নেপাল জ্বালানির জন্য ভারতের ওপর নির্ভরশীল। বর্তমানে ট্রাক কিংবা ট্যাংকারে করে ভারত থেকে নেপালে জ্বালানি পাঠানো হয়। এই পাইপলাইনের ফলে নেপাল ভারত থেকে কম খরচে জ্বালানি তেল আমদানি করতে পারবে।
পাইপলাইন উদ্বোধন করে টিভিতে এক ভিডিও ভাষণে ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, এ পাইপলাইন ভারত এবং নেপালের মধ্যে বাণিজ্য এবং ট্রানজিট খাতে যোগাযোগ রক্ষার একটি প্রকৃষ্ট উদারহণ।’মোদি এক টুইটে তেল পাইপলাইন নির্মাণ খুবই কম সময়ে শেষ হওয়ার জন্যও আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রকল্পটি শেষ হতে নির্ধারিত সময়ের অর্ধেক সময় লেগেছে। এর সব কৃতিত্ব হচ্ছে নেপালের নেতৃত্ব, সরকার এবং আমাদের যৌথ প্রয়াসের।’