কারবালায় তাজিয়া মিছিলে পদপিষ্ট হয়ে নিহত ৩১

ইরাকের দক্ষিণাঞ্চলীয় পবিত্র শহর কারবালায় ইমাম হোসাইন (রা)-এর মাজারের কাছে আশুরা উপলক্ষ্যে শিয়া মুসলমানদের তাজিয়া মিছিলে পদপিষ্ট হয়ে ৩১ জন নিহত এবং আরো শতাধিক আহত হয়েছেন যাদের মধ্যে ১০ জনের অবস্থা সংকটজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর রয়টার্সের

অন্তত ৩০ লাখ মানুষ তাজিয়া মিছিল নিয়ে ইমাম হোসাইন (রা)-এর মাজারের দিকে যাওয়ার সময় একটি ওয়াকওয়ে ধসে পড়লে আতঙ্ক তৈরি হয়। সেই সময় হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্ঘটনার কোনো কারণ জানায়নি। উল্লেখ্য, সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাত্পর্যপূর্ণ ও শোকাবহ দিন ছিল মঙ্গলবার। দিনটি (১০ মহররম) পবিত্র আশুরা নামে পরিচিত। হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহম্মদ (সা)-এর নাতি হজরত ইমাম হোসাইন (রা) এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহিদ হন। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনকালে আশুরা দিবসে প্রকাশ্যে কারবালা যুদ্ধের দৃশ্য অভিনয় করার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়। বর্তমান প্রশাসন অবশ্য বিশেষ দিনটিতে ছুটি ঘোষণা করে। ২০০৫ সালে বাগদাদের ইমাম খাদিম মাজারে আত্মঘাতী হামলার গুজবে অন্তত ৯৬৫ জন পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন।