পঞ্চগড়ে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ও গৃহশিক্ষক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর নগ্নছবি ধারণ করে চাঁদা দাবি ইউপি সদস্য আটক

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর নগ্নছবি ধারণ করে চাঁদা দাবি ও অনৈতিক প্রস্তাবে ইউপি সদস্য, পঞ্চগড়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ও ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক এবং ঝালকাঠিতে স্কুলছাত্রীকে যৌন কাজে বাধ্য করার মামলায় মা ও সত্ বাবাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদারীপুরের রাজৈরে দেড় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

ঠাকুরগাঁও: এক গৃহবধূকে ঘরে আটকে নগ্ন ছবি ধারণ করে চাঁদা দাবি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার লিখিত অভিযোগে সোমবার ভোরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শাসলাপিয়ালা গ্রাম থেকে পুলিশ ঐ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অশ্বিনী কুমার বর্মণকে আটক করে।

পঞ্চগড়:পঞ্চগড়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ এক বৃদ্ধ এবং ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এদের দুজনকে হাতে-নাতে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে। পরে আদালতের মাধ্যমে দুজনকেই জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে জেলা শহরের পশ্চিম মোলানি এলাকার আশরাফ আলী (৫৮) ও শিক্ষক ঠাকুরগাঁও জেলার রানী শংকৈল উপজেলার মহল বাড়ি এলাকার সুরেন চন্দ্রের ছেলে জগদীশ চন্দ্র রায় (৩০)।

ঝালকাঠি:ঝালকাঠিতে যৌন কাজে বাধ্য করার ঘটনায় মা ও সত্ বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী। পুলিশ গত মঙ্গলবার রাতে শহরের কালীবাড়ি সড়কে সত্ বাবার বাসা থেকে ছাত্রীটিকে গর্ভবতী অবস্থায় উদ্ধার করে। একই সঙ্গে অভিযান চালিয়ে ছাত্রীর মা ও তার দ্বিতীয় স্বামীকে গ্রেফতার করে গতকাল আদালতে সোপর্দ করে।

টেকেরহাট (মাদারীপুর) :মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরায়াবাড়ি গ্রামে মঙ্গলবার সকালে এক শিশুকে তার এক আত্মীয় কোলে নিয়ে ঘুরতে বেরিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির যৌনাঙ্গ দিয়ে রক্তপাত হলে ঘটনাটি পরিবারের লোকজন বুঝতে পেরে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় বুধবার দুপুরে থানায় মামলা হয়েছে। এদিকে কোনো কিছু বোঝার আগেই শিশুটিকে রেখে আসামি হূদয় ভক্ত পালিয়ে যায়।