জালকুড়ি পাসপোর্ট অফিসের পাশে তিনটি দোকানে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে র্যাব। তারা মূলত বিভিন্ন ইউনিয়ন পরিষদের উচ্চপদস্থ কর্মকর্তা, সিটি করপোরেশনের কর্মকর্তা, জেলা পরিষদ ও বিভিন্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে যোগসাজশে জন্মনিবন্ধন সার্টিফিকেট করে রোহিঙ্গা নাগরিকসহ বিভিন্নজনকে সরবরাহ করত। গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব-২-এর একটি টিম। এ সময় ভুয়া জন্মনিবন্ধন সিল, সনদের হার্ডকপি ও সফটকপির হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে।
র্যাব-২-এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, রোহিঙ্গাদের পাসপোর্ট কীভাবে তৈরি করা হচ্ছে এ বিষয়ে তদন্তের সূত্র ধরে নারায়ণগঞ্জ থেকে প্রথমে তিন জনকে আটক করা হয়। এরা বিভিন্ন ইউনিয়ন পরিষদের উচ্চপদস্থ কর্মকর্তা ও সিটি করপোরেশনের কর্মকর্তার সঙ্গে যোগসাজশে জন্মনিবন্ধন সার্টিফিকেট করে সরবরাহ করত। এদের ল্যাপটপ তল্লাশি করে ভুয়া জন্মসনদসহ হার্ডকপিও পাওয়া গেছে। এরা রোহিঙ্গাদেরকে এসব জাল সনদ দিয়ে পাসপোর্ট তৈরিতে সহায়তা করত।