চার দিনের সফরে আগামী মাসে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ থেকে ৬ অক্টোবরের এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দিতে প্রস্তুত হচ্ছে নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ এশীয় অর্থনৈতিক একীভূতকরণ ও আন্তঃসীমান্ত সংযোগের ওপর জোর দেওয়ায় বিশেষ গুরুত্ব পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি ভারতের অর্থনৈতিক সম্মেলনে গত এক দশকে বাংলাদেশের ভালো প্রবৃদ্ধি ও অগ্রগতি নিয়ে বক্তব্য রাখবেন।
এটা হবে ২০১৮ সালের ডিসেম্বরে পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভারত সফর। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার প্রথম সফর। বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে চমত্কার সম্পর্ক রয়েছে। শেখ হাসিনার সফরে দুই দেশের অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি নদীপথে দুই দেশের মধ্যে সংযোগ বাড়ানো ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া দুই প্রধানমন্ত্রীর বৈঠকে সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ দমনের বিষয়ে আলোচনা হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১৭ সালের এপ্রিলে ভারত সফর করেন। ঐ সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এছাড়া নয়াদিল্লিস্থ মানেকশ সেন্টারে মুক্তিযুদ্ধের সময় শহিদ ভারতীয় সেনাদের জন্য সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী। দুই প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করেন। ঐ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর নামে দিল্লির একটি সড়কের নামকরণ করা হয়।