গৃহবন্দি চন্দ্রবাবু নাইডু

নির্বাচনের পর তিন মাস কাটতে না কাটতেই শাসক-বিরোধী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য।  মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির বিরুদ্ধে বিরোধীদের দমনের অভিযোগ উঠেছে। তার নির্দেশে গৃহবন্দি করা হয়েছে সাবেক মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু ও তার ছেলে নারা লোকেশকে। টিডিপি এক বিবৃতিতে জানিয়েছে, দলের অন্য নেতাদেরও গৃহবন্দি করা হয়েছে। দমননীতির বিরোধিতা করাতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা। একটি এলাকায় বিরোধী নেতা-কর্মীদের ওপর শাসক দল নির্যাতন করেছে। গতকাল নির্যাতিতদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন চন্দ্রবাবু ও তার ছেলেসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এরপরই তাদের গৃহবন্দি করা হয়। বাইরে দঁড়ি দিয়ে সীমানা নির্ধারন করা হয়। দেয়ালে একটি পোস্টারও সেঁটে দেওয়া হয় যাতে লেখা : কোনো অবস্থাতেই বাড়ির বাইরে যেতে পারবেন না বাবা ও পুত্র। বাড়ির বাইরে ব্যারিকেডও বসানো হয়েছে। চন্দ্রবাবুর সব অভিযোগ অস্বীকার করেছে সরকার। - আনন্দবাজার পত্রিকা