যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব থেকে জন বোল্টনকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি পরিকল্পনার অংশ হিসেবে তালেবান প্রতিনিধিদের মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রণের পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনে বিভাজনের খবরের মধ্যে তাকে চাকরিচ্যুত করা হয়। জন বোল্টন ছিলেন ট্রাম্পের তৃতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ২০১৮ সালের এপ্রিল থেকে তিনি এ পদে ছিলেন। তার আগে এ পদ থেকে বিদায় নিতে হয়েছে মাইকেল ফ্লিন ও ম্যাকমাস্টারকে।
বোল্টনের চাকরিচ্যুতির খবর জানিয়ে এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার লেখেন, গত রাতে আমি জন বোল্টনকে বলেছি, তাকে আর হোয়াইট হাউজে প্রয়োজন নেই। প্রশাসনের অনেকের মতো আমিও বোল্টনের অনেক পরামর্শে তীব্র আপত্তি জানিয়েছি। সে কারণে আমি নিজেই জনকে পদত্যাগ করতে বলি। আর তিনি সকালেই আমাকে পদত্যাগপত্র দেন। আগামী সপ্তাহে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম ঘোষণা করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনএন জানিয়েছে, উত্তর কোরিয়া ও আফগানিস্তান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন বোল্টন। এমনকি বিশ্বব্যাপী ট্রাম্পের একটি রিয়েলেটি শোও বাতিল করতে বলেছিলেন বোল্টন। বোল্টন হোয়াইট হাউজে একজন যুদ্ধবাজ নেতা হিসেবে অনেকের কাছে পরিচিত ছিলেন।