বাহামায় ডোরিয়ানের আঘাতে এখনো নিখোঁজ ২৫০০

বাহামা দ্বীপপুঞ্জে ডোরিয়ানের তাণ্ডবে এখনো নিখোঁজ রয়েছে প্রায় ২ হাজার ৫০০ মানুষ। দেশটির প্রধানমন্ত্রী হাবার্ট মিনিস জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। প্রায় এক সপ্তাহ আগে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ডোরিয়ান। এর মধ্যেই প্রায় ২ হাজার ৫০০ মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, যারা বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে গেছেন তাদের অনেকের সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে প্রকৃতপক্ষেই ২ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছে কি না সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রধানমন্ত্রী হাবার্ট মিনিস জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, ডোরিয়ানের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জন।

জাতিসংঘ জানিয়েছে, সেখানে ৭০ হাজার মানুষের জরুরি মানবিক ত্রাণ সহায়তা প্রয়োজন। গত সপ্তাহে প্রায় তিন দিন বাহামা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়।