বিজেপি গণতন্ত্রের পক্ষে সমূহ বিপদ :সোনিয়া

প্রায় এক মাস আগে ভারতে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী পদের দায়িত্ব নিয়েছেন সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার বিজেপিকে গণতন্ত্রের পক্ষে ‘সমূহ বিপদ’ বলে মন্তব্য করে, গেরুয়া শিবিরের সঙ্গে লড়াইয়ের একটি রণকৌশল তৈরি করলেন তিনি। যে রায় তারা পেয়েছে, তার অপব্যবহারের অভিযোগ তুলে সোনিয়া গান্ধী বলেন, ‘শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই আক্রমণাত্মক এবং সক্রিয় হলেই চলবে না...মানুষের কাছে প্রত্যক্ষভাবে যেতে হবে।’ তিনি বলেন, ‘গণতন্ত্রে এত বড়ো সমূহ বিপদ আগে কখনো আসেনি...কয়েক সপ্তাহ আগে আমি বলেছি, ২০১৯ এর রায় এখন অপব্যবহার করা হচ্ছে এবং ভয়ংকরভাবে তা করা হচ্ছে।’

লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের দায় নিয়ে পদত্যাগ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার দুই মাস পরে দলের হাল ধরেন সোনিয়া গান্ধী। দ্বিমুখী এই চাপে অনেক নেতাই বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেন। কংগ্রেস সভানেত্রী বলেন, ‘আমি যা বলতে পারি, তা হলো, তারা তাদের সুযোগসন্ধানী মনোভাব প্রকাশ করেছেন।’       —এএনডিটিভি