মোজাম্বিকে প্রেসিডেন্টের সমাবেশে পদপিষ্ট হয়ে ১০ জন নিহত

মোজাম্বিকে প্রেসিডেন্ট ফিলিপ নিউসির নির্বাচনী সমাবেশে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। দেশটির সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এ মর্মান্তিক ঘটনা ঘটল। ক্ষমতাসীন দল এ কথা জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেশটির উত্তরাঞ্চলীয় নামপুলা নগরীতে ছোটো একটি স্টেডিয়ামে বুধবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে এত বেশি লোক জমায়েত হয়েছিল যে এটি শেষে বের হওয়ার সময় হুড়োহুড়ি করে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ক্ষমতাসীন ফ্রিলিমো দলের এক বিবৃতিতে বলা হয়, এতে ‘দুর্ভাগ্যবশত আমাদের দলের ১০ সমর্থক মারা গেছে।’ এতে আরো বলা হয়, ঐ ঘটনায় আরো ৮৫ জন আহত হয়েছে।

সমাবেশে অংশ নেওয়া বেনিয়ামিন নুমায়ো বলেন, ঘটনাস্থল খুবই বিশৃঙ্খলাপূর্ণ ছিল। তিনি বলেন, ‘সেখানে বের হওয়ার পথগুলো বন্ধ রাখা হয়েছিল। ফ্রিলিমো দলের প্রার্থী প্রেসিডেন্ট নিউসি স্টেডিয়াম ত্যাগ করার পর পথগুলো খুলে দেওয়া হয়। এতে একসঙ্গে তাড়াহুড়ো করে অনেক লোক বের হতে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দলের পক্ষ থেকে বলা হয়, এ পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ছয় নারী ও চার পুরুষ নিহত হয়েছে। আগামী ১৫ অক্টোবর মোজাম্বিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে নিউসি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।