এবার দলগত ইভেন্টেও সোনার হাতছানি

রুমান সানা এশিয়া কাপ আর্চারির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের ফাইনালে পৌঁছে আগেই পদক জয় নিশ্চিত করে রেখেছিলেন। তার দেখানো পথ ধরে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ দলও দলগত রিকার্ভ ইভেন্টের ফাইনালে উঠে গেছে। আজ শুক্রবার ফাইনালে চীনের বিপক্ষে স্বর্ণ জয়ের জন্য লড়বেন সানা, হাকিম আহমেদ রুবেল ও তামিমুল ইসলামরা।

মিশ্র রিকার্ভ ইভেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। আজ তৃতীয় স্থান নির্ধারণী ব্রোঞ্জ ফাইনালে চীনা তাইপের মুখোমুখি হবেন সানা এবং বিউটি রায়।

দলগত রিকার্ভের বাছাইপর্বে চতুর্থ স্থান অর্জন করা বাংলাদেশ গতকাল প্রতিযোগিতার দলগত রিকার্ভের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে ৫-৩ সেটে হারায়। এরপর সেমিফাইনালে মালয়েশিয়ার বিপক্ষেও একই ব্যবধানের জয় পান রুমান, তামিম এবং রুবেল। দিনের অন্য সেমিফাইনালে মালয়েশিয়া হংকংয়ের বিপক্ষে ৬-০ গেমের এক দাপুটে জয় পায়। আজ শুক্রবার স্বর্ণজয়ের লড়াইয়ে তাদেরই মুখোমুখি হবেন রুমান সানারা।

রিকার্ভ মিশ্র ইভেন্টের বাছাইতে চতুর্থ স্থান অর্জন করে মূল পর্বে পা রেখেছিলেন রুমান ও বিউটি। গতকাল ইভেন্টটির কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে ৫-১ গেমের জয় পায় বাংলাদেশ। কিন্তু পরের রাউন্ডে চীনের কাছে ৬-০ গেমে হারলে ফাইনালে ওঠা হয়নি সানা-বিউটির। তবে পদক জয়ের হাতছানি ঠিকই আছে দলটির। আজ ব্রোঞ্জ ফাইনালে চীনা তাইপেকে হারাতে পারলেই ব্রোঞ্জ জিতে প্রতিযোগিতা শেষ করবে বাংলাদেশ দল।

দলীয় পদকের পাশাপাশি রুমান সানার ব্যক্তিগত পদকের লড়াইও আজই অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ আর্চারির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের ফাইনালে আজ সানার প্রতিপক্ষ চীনের সাই হেঙ্কি।