মাদক ও যৌন হয়রানি প্রতিরোধে সেনবাগে শিক্ষার্থী সমাবেশ

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদক ও যৌন হয়রানি প্রতিরোধে ছাত্রছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিনের পরিচালায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী।

এসময় সেনবাগ থানার ওসি মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আউয়াল, স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাইদুজ্জামান স্বপন, ছাত্রলীগ নেতা ফিরোজ আলম রিগান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সভায় উপজেলার মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, সেবারহাট শেরে বাংলা উচ্চ বিদ্যালয়, রাজারামপুর বশিরিয়া মাদ্রাসা ও কল্যান্দী ফয়জুল উলুম দাখিল মাদ্রাসার ৯ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান মাদক ও যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।