ভালুকা উপজেলার সাবেক সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমসহ তিন জনের বিরুদ্ধে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাধন সূত্র ধর বাদী হয়ে বুধবার (১১ সেপ্টেম্বর) পৃথক মামলা দায়ের করেন। এটি ময়মনসিংহে দুদকের প্রথম মামলা।
দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভালুকার সাবেক সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম, ঐ অফিসের দলিল লেখক সিরাজুল ইসলাম সুজন এবং স্থানীয় আবু রাসেল চৌধুরীর যোগসাজশে প্রতারণা করে ৯ কোটি টাকা আত্মসাত্ করেছেন। জালিয়াতির মাধ্যমে ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের এক মৃত ব্যক্তি ও বিদেশে অবস্থানরত ব্যক্তির নাম ঠিকানা ব্যবহার করে ভুয়া দলিলদাতা সাজিয়ে কমিশন গঠনের মাধ্যমে ২০১৭ সালে একটি ভুয়া দলিল রেজিস্ট্রি করেন। ঘটনা জানাজানি হলে প্রাথমিক অনুসন্ধানে জমি আত্মসাত্ ও দলিল জালিয়াতির সত্যতা পায় দুদক।