দেশীয় চিনিশিল্পকে লাভজনক করতে চিনিকলসমূহে বহুমুখী পণ্য উত্পাদনের পরামর্শ দিয়েছে জার্মান বিশেষজ্ঞ দল। চিনির পাশাপাশি চিনিকলগুলোতে স্থানীয়ভাবে উত্পাদিত ভুট্টা হতে তেল ও অন্যান্য শিল্পজাত পণ্য উত্পাদনেও গুরুত্ব দিয়েছে ঐ বিশেষজ্ঞ দল। গতকাল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান হেইনকেল ড্রাইং এন্ড সেপারেশন গ্রুপের একটি বিশেষজ্ঞ দল এ প্রস্তাব দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শিল্পসচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, হেইনকেল গ্রুপের পরিচালক উইলিয়াম ক্রেইগসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় উইলিয়াম ক্রেইগ বলেন, অত্যাধুনিক জার্মান প্রযুক্তির মাধ্যমে জ্বালানি সাশ্রয় করে ইক্ষু ও বিট হতে অধিক পরিমাণ চিনি উত্পাদন করা সম্ভব। চিনি উত্পাদনের পাশাপাশি অ্যালকোহল, বায়োফার্টিলাইজারসহ বিভিন্ন ধরনের পণ্য উত্পাদন করে চিনিশিল্পকে লাভজনক করা যায়।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, চিনি ছাড়াও চিনিকলগুলোতে অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য উত্পাদন করে এই খাতকে লাভজনক করতে চায় সরকার। চিনিকলের উন্নয়নে আর্থিক ও প্রযুক্তিগত দিকগুলো বিস্তারিত তুলে ধরে শিল্প মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ প্রস্তাব প্রেরণের জন্য প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান তিনি।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, দেশীয় সাংস্কৃতিক মূল্যবোধ ও বাস্তবতা বিবেচনা করে চিনিশিল্প হতে বহুমুখী পণ্য উত্পাদন এবং বিদেশে রপ্তানির পরিকল্পনা প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য জার্মান বিশেষজ্ঞ দলের প্রতি তিনি আহ্বান জানান।