হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি পুলিশ সদর দফতর সম্মেলন কক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন।
আইজিপি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি।