বানারীপাড়ায় অধ্যক্ষ বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বানারীপাড়া উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। বুধবার কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে স্বপদে ফেরাতে বিভিন্ন স্লোগান দেন। পরে বাইশারী-বিশারকান্দি আঞ্চলিক সড়কে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেন। এ সময় অভিভাবকরাও ঝাড়ু মিছিল বের করেন। শিক্ষার্থীদের মানববন্ধন শেষে তাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হন কলেজের শিক্ষকরা।

বানারীপাড়া উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে গত ৭ সেপ্টেম্বর কলেজের গভর্নিং বডি জরুরি মিটিংয়ে ২৩টি কারণে সাময়িক বরখাস্ত করে। এ বিষয়ে কলেজের গর্ভনিং বডির সভাপতি অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বলেন, অধ্যক্ষকে বারবার বলার পরেও তিনি কলেজের সার্বিক দিক মিলিয়ে গত ছয় মাসের মধ্যেও একটি মিটিং ডাকেননি।