‘উন্নয়নের হাতিয়ার, তরুণদের পাঠাগার’ এই শ্লোগানে জনসাধারণের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে জ্ঞানকোষ পাঠাগার নামে একটি পাঠাগার কর্মসূচির উদ্বোধন হয়েছে। ঢাকার জাতীয় তরুণ সংঘ ও শেরপুরের তরুণ উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় নয়াপল্টনের ইসলাম ভবনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রাথমিকভাবে ভবনটির রিলাক্স সেলুন অ্যান্ড জেন্টস পার্লারে একটি বুক কর্নার স্থাপন করা হয়েছে। যেখানে যে কেউ বিনামূল্যে বই পড়তে পারবেন। এভাবে অন্যান্য অফিস ও প্রতিষ্ঠানেও অনুরূপ বুক কর্নার চালু করা হবে। পরবর্তীতে ভ্রাম্যমাণ পাঠাগার চালুরও চিন্তা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
তরুণ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজিমুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক, উপদেষ্টা মো. সেলিম সরকার, পাঠাগার পরিচালনা পর্ষদের সদস্য ওসমান গনি, সউদ আল হোসেন লিটন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. মোরশেদুল আলম, রিলাক্স পার্লারের স্বত্বাধিকারী মো. হুমায়ন কবীর প্রমুখ। -সংবাদ বিজ্ঞপ্তি