দেশের সাত স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা ও ব্যবসায়ীসহ নয় জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সিরাজগঞ্জ ও রায়গঞ্জ :সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ধান ব্যবসায়ীসহ দুজন নিহত এবং ১২ জন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ষোলমাইল বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। রায়গঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুস সালাম জানান, ঢাকা থেকে বগুড়াগামী বাস একতা পরিবহন ও বগুড়ার শেরপুর থেকে রায়গঞ্জের নিমগাছিহাট অভিমুখী ট্রাকের মধ্যে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের চালক ও ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যবসায়ী নজরুল ইসলাম (৩৩) বগুড়ার নাজিম উদ্দিনের ছেলে। তিনি ধান কেনার জন্য নিমগাছিহাটে ট্রাকে যাচ্ছিলেন। নিহত চালক আনোয়ার হোসেন (৩০) একই জেলার সারিয়ারকান্দি উপজেলার আ. রশিদের ছেলে। একই এলাকার গুরুতর আহত হেলপার শাহাদত্সহ (২৮) অন্য আহতদের রায়গঞ্জ হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে বুধবার রাতে জেলার সলঙ্গায় বাসচাপায় আব্দুল লতিফ (২৮) নামে এক বাসের চেকার নিহত হয়েছে।
আগৈলঝাড়া (বরিশাল) :বুধবার বিকালে বরিশাল যাওয়ার পথে শিকারপুর ব্রিজ এলাকা অতিক্রমকালে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী আগৈলঝাড়ার যুবলীগ নেতা হেলাল মোল্লা (৩৫)। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক অলক গাঙ্গুলীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ :বুধবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়ভাগ নামক স্থানে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে এর হেলপার রায়হান মিয়া (১৯) ঘটনাস্থলে নিহত হন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাউয়ারগাতি গ্রামে।
নড়াইল :জেলার গোবরা-নওয়াপাড়া সড়কের আগদিয়া বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় মাহমুদ (৩২) নামে এক নছিমন চালক নিহত এবং চালকের সহকারী রিয়াজ (২২) আহত হয়েছে। আহত রিয়াজকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেশবপুর (যশোর) :যশোরের কেশবপুরে বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্যাংকলরি খাদে পড়ে গেলে হেলপার সাব্বির হোসেন মোল্যা (২৮) নিহত হন। এতে গুরুতর আহত চালক আল আমীন (৩২) কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) :দিনাজপুরের বোচাগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. রবিউল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার মুশিদহাট ইউনিয়নের সিদাহার বাজারে এই দুর্ঘটনা ঘটে। ড্রাইভার-হেলপার পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি আটক করা রয়েছে।
রাজারহাট (কুড়িগ্রাম) :কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার বিকালে অটোরিকশার ধাক্কায় আ. বাতেন (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।