আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির আন্দোলনের হুমকির জবাবে বলেছেন, আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না, আন্দোলন মোকাবিলা করেই তারা ক্ষমতায় এসেছে। তিনি বলেন, আন্দোলন শান্তিপূর্ণভাবে করলে আমাদের আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা, বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মহাসড়ক তৈরির কোনো অভিজ্ঞতা বিএনপির নেই। তারা যখন ক্ষমতায় ছিল তখন চার লেনের কোনো রাস্তাই ছিল না। পদ্মা সেতু, মেট্রোরেলের বিষয়টি তারা স্বপ্নেও দেখেনি। তিনি বলেন, অন্যান্য দেশে যে টোল আদায় হয়, এটা বিএনপি জেনেও না জানার ভান করছে। রাস্তা হলে তা ব্যবহার উপযোগী রাখতে হয়, রাস্তার তো মেন্টেইনেন্স আছে। তাই টোল আদায়ের সিদ্ধান্ত নিয়ে তারা মিথ্যাচার করছে। ছাত্রলীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি এ নিয়ে আর কোনো কথা বলব না। কারণ আমাদের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি দেখছেন।’ সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, ‘একটা ছাত্র সংগঠন নিয়ে এত লেখালেখি কি দেশের অন্যান্য বিষয়ের চেয়ে বেশি প্রাধান্য পায়?’
রংপুর-৩ আসনটি জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দেওয়া হবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আসলে জোটের নিয়ম অনুযায়ী আসনটি জাপার ছিল। এখন যদি জোটগতভাবে জাপা আমাদের কাছে আসনটি চায়, আমরা তখন বিষয়টি বিবেচনা করব। যতক্ষণ পর্যন্ত আলোচনা না হয়, ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
মহাসড়কের চাঁদাবাজির পাশাপাশি টোল আদায় বাড়তি ভোগান্তির কারণ হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আগে যেতেন চার ঘণ্টায়, এখন যাচ্ছেন তিন ঘণ্টায়, সময় বাঁচবে এখানে লসের কোনো কারণ নেই। সমঝোতা স্মারক স্বাক্ষর হলো, এটা চুক্তি পর্যন্ত গড়াতে অনেক সময় লাগবে। এখনো টোলের বিষয়টি নির্ধারণই হয়নি। সমঝোতা স্মারকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক (প্রশাসন) মো. রেজাউল হায়দার এবং কেইসি এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শিন ইয়ং সুক নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শাহাবুদ্দিন খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।