হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহ সোহান আহমেদ মুসাকে গ্রেফতার করতে গেলে আসামির ধারালো অস্ত্রের আঘাতে নবীগঞ্জ থানার ওসি ও এসআই আহত হয়েছেন। গুরুতর অবস্থায় থানার ওসি (তদন্ত) উত্তম কুমারকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত এসআই ফখরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি মুসার দোকানে পুলিশ অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার করতে চাইলে মুসা দোকান থেকে একটি ধারালো রামদা নিয়ে পুলিশের ওপর এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলায় ওসি তদন্ত উত্তম কুমার এবং এসআই ফখরুজ্জামান গুরুতর আহত হন। তাদের কুপিয়ে মুসা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দুই পুলিশ কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় ওসিকে সিলেটে প্রেরণ করেন কর্তব্যরত চিকিত্সক।
নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, মুসা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে পরোয়ানা থাকায় পুলিশ গ্রেফতার করতে তার দোকানে অভিযান চালায়। এ সময় সে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই কর্মকর্তাকে আহত করেছে।