আবার বেড়েছে ডেঙ্গু রোগী এক দিনে ভর্তি ৭৫০

পূর্বাভাস অনুযায়ী ওঠানামা করছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। ৬০০-এর ঘরে নামার ২৪ ঘণ্টার মধ্যে আবার বেড়েছে ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত সংখ্যাটি ছিল ৬৩৪।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. মীর জাদি সেব্রিনা ফ্লোরা আগেই বলেছিলেন, সেপ্টেম্বরে বৃষ্টিপাতের কারণে মশার উপদ্রব বাড়তে পারে। ফলে এ মাসে ওঠানামা করবে ডেঙ্গু রোগীর সংখ্যা। সেপ্টেম্বর মাস জুড়ে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যার দিকে নজর রাখবে বলেও জানিয়েছিলেন তিনি। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল বান্দরবানে মহিলা আওয়ামী লীগের  নেত্রীসহ তিন জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৩৭ জন ডেঙ্গু রোগী। আর এ সময়ে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫১৩। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০০-এর নিচে নামলেই কেবল ডেঙ্গু নিয়ন্ত্রণে এসেছে বলা যাবে। চলতি বছর এ পর্যন্ত সারা দেশে ৭৯ হাজার ৩৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এখন সারা দেশে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩ হাজার ২৯ জন রোগী ভর্তি আছে। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩৫৫ জন, ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ১ হাজার ৬৭৪ জন ভর্তি রয়েছে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বান্দরবানের রুমা উপজেলার সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ডমেচিং মারমার (৩২) মৃত্যু হয়েছে। গতকাল ভোরে চট্টগ্রামে সিএসসিআর বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। ডমেচিং মারমা রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার সহধর্মিণী।

বরিশালে গতকাল ডেঙ্গু জ্বরে সুরাইয়া (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে বরগুনার পাথরঘাটা উপজেলার হাঁড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাদল মুন্সীর মেয়ে সে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মঞ্জুর মোর্শেদ আবির (২৫) নামে সাভারের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আবির সাভারের বনগাঁও এলাকার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের বড়ো ছেলে।