বিএনপি লিমিটেড কোম্পানি নেতারা ভাড়াটে :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি হচ্ছে লিমিটেড কোম্পানি আর সেখানকার নেতারা হচ্ছেন ভাড়াটিয়া রাজনীতিবিদ। বিএনপি রাজনীতিকে ব্রত হিসেবে নেয় না। তারা একে ‘লস অ্যান্ড প্রফিট’ (লাভ-লোকসান) হিসেবে দেখে। লিমিটেড কোম্পানির যেমন লস অ্যান্ড প্রফিটের ব্যালেন্স শিট থাকে, তাদেরও তেমন। ফুটবল খেলায় যেমন খেলোয়াড়রা ভাড়ায় খাটেন, তেমনি বিএনপির বেশিরভাগ নেতা হচ্ছে ভাড়ায় খাটা রাজনীতিবিদ। তাদের অতীত দেখলে দেখা যায়, অনেক নেতাই অন্য দল করতেন। বিএনপিকে ভবিষ্যতে দানবীয় রূপ ধারণ করার পরিকল্পনা না করার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে রাজনীতির পথে হাঁটুন, সেটিই সবার জন্য শুভ হবে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। ছাত্রলীগ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ছাত্রলীগে কিছু অনুপ্রবেশকারি ঢুকেছে। অনুপ্রবেশকারীরা নানা সময় নানা ঘটনা ঘটায়। সেগুলোর দায় ছাত্রলীগের ওপর এসে পড়ে। তবে ছাত্রলীগের সমস্যা সমাধানযোগ্য।