সামান্য বৃষ্টিতেই সুজানগর পৌরশহরের প্রধান সড়কে জলাবদ্ধতা

সামান্য বৃষ্টি হলেই পাবনার সুজানগর পৌরশহরের প্রধান সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যানবাহন নিয়ে চলাচল অসম্ভব হয়ে পড়ে। সড়কটির বিভিন্ন জায়গা থেকে ইট-সুরকি উঠে খানাখন্দে পরিণত হয়ে সীমাহীন দুর্ভোগ সৃষ্টি করছে। সরেজমিনে দেখা যায়, একটু বৃষ্টি হলেই ঐ সকল খানাখন্দে পানি জমে প্রচণ্ড জলাবদ্ধতার সৃষ্টি হয়।

পৌরশহরের মাংস ব্যবসায়ী রব্বান সরদার বলেন, দীর্ঘদিন শহরের প্রধান ঐ সড়কের বেশ কয়েকটি জায়গা থেকে ইট-সুরকি উঠে বড়ো বড়ো গর্ত সৃষ্টি হলেও সংস্কার করা হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টি হলেই ঐ সকল গর্তে পানি জমে যাওয়ায় পৌরবাজারের ব্যবসায়ীসহ জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে।

সিএনজিচালক আসলাম উদ্দিন বলেন, ঐ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সবচেয়ে দুর্ভোগ পোহাতে হয় সড়কে চলাচলকারী বাস, ট্রাক, সিএনজি এবং ভ্যানসহ বিভিন্ন যানবাহনের। জলমগ্ন ঐ সড়ক দিয়ে এ সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করে থাকে।

জলাবদ্ধতার কারণে পৌরবাজারে আসা ক্রেতাবিক্রেতাদের পাশাপাশি পথচারীদেরও  প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে যে সকল বিক্রেতারা যানবাহনযোগে তাদের কৃষিপণ্য বাজারে নিয়ে আসেন তাদের চরম দুর্ভোগে পড়তে হয় বলে ভুক্তভোগী পাট বিক্রেতা মন্টু খাঁ জানান।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক সড়কের ভগ্নদশার কথা স্বীকার করে বলেন, সড়কটি পৌর শহরের প্রধান সড়ক হলেও এর যথাযথ কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগ। তবে পৌরসভা প্রয়োজনে সংস্কার করতে পারেন। কিন্তু এই মুহূর্তে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় পৌরসভার পক্ষে সংস্কার করা সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরন রায় বলেন, সড়কটি সংস্কারের আগে প্রয়োজন সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সংস্কার করলে কোনো লাভ হবে না। অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।