সোনারগাঁওয়ে সাংবাদিক দেলোয়ার হোসেন হত্যা মামলার আসামি আসাদুজ্জামান আসাদকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসাদ বেইলর গ্রামের আব্দুল মতিন ওরফে হারেস মুন্সির ছেলে। বুধবার তাকে সাদিপুর ইউনিয়নের বেইলর গ্রাম থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর গতকাল বৃহস্পতিবার তার বিরুদ্ধে সোনারগাঁও থানার এএসআই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেন।
জানা যায়, উপজেলার বেইলর গ্রামের বাসিন্দা ও দৈনিক সমাচার পত্রিকার সাংবাদিক দেলোয়ার হোসেনকে ২০১৪ সালের ২৮ মার্চ জমিসংক্রান্ত বিরোধে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে আসাদুজ্জামানসহ আট জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সাংবাদিকের স্ত্রী বাদি হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পুলিশ আসাদকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। পরে আদালত থেকে জামিনে বেরিয়ে এসে প্রকাশ্যে সে মাদকব্যবসায়ের সঙ্গে জড়িয়ে পড়ে। বুধবার সোনারগাঁও থানা পুলিশ সাদিপুর ইউনিয়নের বেইলর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসাদকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জামও জব্দ করা হয়। পুলিশ জানায়, আসাদ একজন মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় ভূমিদখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপকর্মে জড়িত। আসাদের বিরুদ্ধে স্থানীয় সোনারগাঁও ও বন্দর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ১০-১২টি মামলা রয়েছে।