রংপুর-৩ আসনের উপনির্বাচন

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন ও কাদেরের বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। গতকাল বৃহস্পতিবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে মাগরিবের নামাজের বিরতির সময় সংসদ ভবনে তারা এই বৈঠক করেন। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাও উপস্থিত ছিলেন।

এর আগে বিরোধী দলের লবিতে বৈঠক করেন রওশন এরশাদ ও ওবায়দুল কাদের।  এ সময়ও জি এম কাদের ও রাঙ্গা উপস্থিত ছিলেন। অধিবেশন চলাকালে রাঙ্গাকে নিজের আসন থেকে উঠে গিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে ওবায়দুল কাদের বিরোধী দলের লবিতে গেলে সেখানেও তারা কথা বলেন। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে মাগরিবের বিরতি দিলে ওবায়দুল কাদেরকে উঠে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপা নেতাদের বৈঠক হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর অনুষ্ঠেয় রংপুর-৩ আসনের উপনির্বাচন নিয়ে কথা হয়েছে। এ সময় জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে জাপাকে ছাড় দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান রওশন। প্রধানমন্ত্রীকে রওশন বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনেও মহাজোটগতভাবে এই আসনটি জাপাকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। তাছাড়া প্রয়াত এরশাদ এই আসন থেকে কয়েক বার সংসদ সদস্য নির্বাচিত হন। উল্লেখ্য, এই উপনির্বাচনে জাপার প্রার্থী এরশাদ-রওশনের ছেলে সাদ এরশাদ।

রোহিঙ্গাদের রাখা যাবে না : রওশন

এদিকে গতকাল সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে রওশন এরশাদ বলেন, ‘প্রায় ১২-১৪ লাখ রোহিঙ্গার দেখাশোনা আমরা করব কীভাবে। তারা মাদক ও ইয়াবা বিক্রি করছে। পাসপোর্ট নিয়ে বিদেশ যাচ্ছে। রোহিঙ্গাদের বাংলাদেশে রাখা যাবে না।’ জাপা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে—দাবি করে তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় দেশটাকে পরিষ্কার রাখতে হবে। কিশোর গ্যাং প্রতিরোধে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। গ্যাসের মূল্য বাড়ায় জনগণের কষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

কাল সিলেটে মাজার জিয়ারত করবেন সাদ

এদিকে, রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাপার প্রার্থী সাদ এরশাদ আগামীকাল শনিবার সিলেটে হযরত শাহজালাল (র) ও হযরত শাহ পরানের (র) মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। তার সঙ্গে ঢাকা থেকে সিলেট যাচ্ছেন জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতি, শফিকুল ইসলাম সেন্টু, প্রথম যুগ্ম-মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি প্রমুখ।