প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার আলোয় উদ্ভাসিত হয়ে দুর্নীতির মূলোৎপাটনে তরুণ প্রজন্মসহ সকলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। দুর্নীতির মূলোৎপাটনের সুফল দেশের প্রতিটি নাগরিক ভোগ করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা প্রকাশ করেন প্রধান বিচারপতি।
‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৮’ উদযাপন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত শিক্ষার্থী ও সততা সংঘের সদস্যদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি রবিবার এ কথা বলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, কমিশনার এ. এফ. এম আমিনুল ইসলাম, সচিব ড. মো. শামসুল আরেফিন, সততা সংঘের সদস্যবৃন্দ।
প্রধান বিচারপতি বলেন, দেশপ্রেমের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। দুর্নীতি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার স্বপ্নকে ধূলিসাৎ করছে। সবাইকে একযোগে দুর্নীতিকে না বলতে হবে এবং বয়কট করতে হবে।
আরও পড়ুন: ভিকারুননিসার শিক্ষক হাসনা হেনার জামিন
প্রধান বিচারপতি বলেন, বিজয়ের এ মাসে জাতির শ্রেষ্ঠ সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি। আরও স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী ৩০ লক্ষ শহীদদের। দুর্নীতিবিরোধী আন্দোলনের বৈশ্বিক অভিযাত্রার অংশ হিসেবে এই মহতি অনুষ্ঠান আয়োজনের জন্য প্রধান বিচারপতি দুর্নীতি দমন কমিশনকে অভিনন্দন জানান। বাসস।
ইত্তেফাক/এমআই