বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের ৯ বছর পার করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ২০১০ সালের ১০ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘দাবাং’ সিনেমা দিয়ে সালমান খানের হাত ধরে বলিউডে
যাত্রা শুরু করেন সোনাক্ষী। প্রথম সিনেমার সফলতার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে। সম্প্রতি ইনস্টাগ্রামে ক্যারিয়ারের ৯ বছর পার করা নিয়ে একটি পোস্ট দেন। এছাড়া নিজের প্রথমদিনের একটি ফটোশুটের ছবিও পোস্ট করেন তিনি। এক সাক্ষাত্কারে সোনাক্ষী বলেন, ‘ক্যারিয়ারের শুরুটা সবার মতো আমারও বেশ ভালোভাবে মনে আছে। তার ওপর সালমান খানের সঙ্গে কাজ। সিনেমাটি মুক্তির পর আমি যেন কোনো ঘোরের মধ্যে ছিলাম। সবার অভিনন্দন, ফটোশুট, গণমাধ্যমে সাক্ষাত্কার দেওয়া।—এই সবকিছুই আমার জন্য নতুন এক জগত্। মুক্তির পরের দিন থেকেই এই অবস্থা। মনে হলো একদিনেই তারকা হয়ে গেলাম। ৯ বছর হয়ে গেল। এত বছর হয়ে গেছে সেটি মনেই হয় না। মনে হয় গতকাল যেন সেই দিন ছিল।’
উল্লেখ্য, সোনাক্ষী বর্তমানে ‘দাবাং থ্রি’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।