দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে। নাম পরিবর্তিত করে রাখা হলো -সদ্যপ্রয়াত বিজেপি নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির নামে। দিল্লির রাজ্য ক্রিকেট সংস্থা ডিডিসিএ-র প্রাক্তন সভাপতি ছিলেন প্রয়াত অরুণ জেটলি। ১৯৯৯ সাল থেকে ২০১৩ দীর্ঘ সময় ডিডিসিএ-র সভাপতি থাকা অরুণ জেটলির প্রতি সম্মান প্রদর্শনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই অনুষ্ঠানে দিল্লির বিখ্যাত এ ক্রিকেট মাঠের একটি স্ট্যান্ডের নাম রাখা হলো ভারত অধিনায়ক বিরাট কোহলির নামে। বিখ্যাত এ স্টেডিয়ামে নিজের নামে স্ট্যান্ড হওয়ার প্রতিক্রিযায় কোহলি বলেন, ‘আজ বাড়ি ফিরে আমার পরিবারকে একটা গল্প শোনাব। মনে করাব ২০০১ সালে একটা টিকিট পেয়ে স্টেডিয়ামে গিয়েছিলাম এবং খেলোয়াড়দের থেকে অটোগ্রাফ নিতে চেয়েছিলাম। আজ আমার নামে একটা প্যাভিলিয়ন রয়েছে একই স্টেডিয়ামে, সেটা বিমূর্ত এবং বিরাট সম্মানের।’