ছবিতে বর্ষার রূপ

ইত্তেফাক রিপোর্ট

বর্ষা ঋতু নিয়ে এক অভিনব প্রদর্শনী শুরু হয়েছে লালমাটিয়ার গ্যালারি শিল্পাঙ্গনে। বর্ষা আবহমান বাংলার সর্বশ্রেষ্ঠ প্রাকৃতিক অভিব্যক্তি। বর্ষা যেন বাংলার প্রাণ। বর্ষায় বাংলার মাঠে মাঠে শস্য বোনার উত্সব শুরু হয়। কবি, সাহিত্যিকদের লেখায় এই বর্ষা ধরা দিয়েছে নানা মাত্রায়। গুরু গুরু মেঘের মাদল বাজিয়ে রিমঝিম বৃষ্টি বাঙালির মনে ছড়িয়ে দেয় নানা মাত্রার অভিব্যক্তি। এই বর্ষা কখনো বিরহ যাতনার উপলক্ষ্য, কখনো সর্বনাশী, সর্বগ্রাসী। সেই বর্ষাকেই ক্যানভাসে শিল্পীরা তুলে এনেছেন নানা মাত্রায়। গতকাল এ প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়ালি উর রহমান, বিশেষ অতিথি ছিলেন শিল্প সমালোচক অধ্যাপক মঈনুদ্দীন খালেদ।

বক্তারা বলেন, বাঙালি মননকে সবচেয়ে বেশি প্রভাবিত করে বর্ষা। বর্ষা শেষ তবু প্রকৃতিতে বর্ষার রেশ। এই প্রদর্শনী শহুরে মানুষকে বাংলার চিরায়ত বর্ষার রূপের কথা স্মরণ করিয়ে দেবে, করে তুলবে নস্টালজিক। প্রদর্শনীতে ২৯ জন শিল্পী অংশ নিয়েছেন। এতে স্থান পেয়েছে ৪৯টি চিত্রকর্ম। এদের মধ্যে রয়েছেন হামিদুজ্জামান খান, আবদুশ শাকুর, শহীদ কবির, বীরেন সোম, অলকেশ ঘোষ, জামাল আহমেদ, কনক চাঁপা চাকমা, আহমেদ শামসুদ্দোহা, আনিসুজ্জামান, এ এইচ এম ঢালী তমাল, অনুকূল মজুমদার, অভি শংকর আইন, আমজাদ আকাশ, আজমীর হোসেন, বিপ্লব চক্রবর্তী, কারু তিতাস, কিরীটি রঞ্জন বিশ্বাস, কুন্তল বড়ুয়া, কামরুজ্জোহা, আল আখির সরকার, রেজাউন নবী, রশীদ আমীন, শেখ আফজাল হোসেন, সীমা ইসলাম, সৌরভ চৌধুরী, সাদেক আহমেদ, শ্যামল বিশ্বাস, সাইদা সুলতানা ও তরুণ ঘোষ। প্রদর্শনী চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। ব্লক ডি, ২/৮ লালমাটিয়ায় এ গ্যালারিতে বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।