শিক্ষার্থীদের প্রতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন
ইত্তেফাক রিপোর্ট
জনপ্রিয় কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে ঘিরে বসেছিল একঝাঁক শিশু-কিশোর। তিনি এই খুদে শিশুদের শোনাচ্ছিলেন বঙ্গবন্ধুর কথা। বলছিলেন, বঙ্গবন্ধু কখনো ক্ষমতা বা দম্ভের জায়গা থেকে রাজনীতি করেননি। তার রাজনীতি পুরোটাই ছিল মানব কল্যাণে নিবেদিত। তিনি রাজনীতির সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছিলেন। তিনি সেই রাজনীতি করতেন যেখানে মানুষ মানুষের কথা ভাববে, সকলের অধিকার নিশ্চিত করবে, দেশকে নিয়ে ভাবাবে। গতকাল শুক্রবার পাঞ্জেরী পাবলিকেশন্স এর সহযোগী প্রতিষ্ঠান পিবিএস এর বঙ্গবন্ধু মঞ্চের ‘জাতির জনককে জানো’ শীর্ষক আয়োজনে তিনি এসব কথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শকে শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে গতকাল সকালে পিবিএসের বঙ্গবন্ধু মঞ্চে এ অনুষ্ঠান হয়। এদিন শিশু-কিশোর ও শিক্ষার্থীদের সঙ্গে জাতির জনকের জীবন-ইতিহাসের নানা দিক নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও পশ্চিম বাংলার বঙ্গবন্ধু গবেষক সুব্রত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঙ্গীতা ইমাম। উপস্থিত ছিলেন পাঞ্জেরী পাবলিকেশন্সের চেয়ারম্যান কামরুল হাসান শায়ক। এই আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক দর্শনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ছিল শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা।