অপহূত কলেজশিক্ষক উদ্ধার, আটক ৫

ইত্তেফাক রিপোর্ট

নারায়ণগঞ্জের তোলারাম কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সারোয়ার জাহান কিরণকে অপহরণের দুদিন পর উদ্ধার করেছে র্যাব-৪। এ সময় অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে মিরপুর ৬০ ফুটের দক্ষিণ মণিপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ জানান, সারোয়ার জাহান বুধবার সন্ধ্যায় কল্যাণপুরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। তার পরিবার বৃহস্পতিবার সকালে র্যাব-৪-এর কাছে নিখোঁজের বিষয়ে অভিযোগ জানালে আমাদের একটি টিম অভিযানে নামে।

অপহরণের পর সারোয়ার জাহানের মোবাইল থেকেই মুক্তিপণের টাকা চাওয়া হচ্ছিল। এক পর্যায়ে তার মোবাইলও বন্ধ পাওয়া যায়। পরে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় মিরপুরের ৬০ ফুট রাস্তার পাশে দক্ষিণ মণিপুরের একটি বাসা থেকে তাকে উদ্ধার করি। এ সময় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। মেজর সাইফুদ্দিন আরো বলেন, উদ্ধার হওয়া সারোয়ার জাহান খুবই বিধ্বস্ত অবস্থায় আছেন। তাকে মুক্তিপণের জন্য মারধর করা হয়েছে এবং ২৪ ঘণ্টার বেশি সময় ঘুমাতে দেওয়া হয়নি। আমরা এখন তাকে বিশ্রামে রেখেছি। পরে তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—তিনি কল্যাণপুরের বাসা থেকে বের হয়ে ৬০ ফুটের রাস্তায় উঠলে তাকে মাইক্রোবাসে তুলে নেয় সংঘবদ্ধ অপরাধীচক্রের সদস্যরা। আটক পাঁচ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াশীন বলেও জানান তিনি।